শুক্রবার । জুন ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ জুন ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
শেয়ার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০০


Venezuela-earthquake

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮৮ জন নিহত এবং ১ হাজার ৫২০ জন আহত হয়েছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখনও প্রায় ২০০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবারের ভয়াবহ এই ভূমিকম্পের পর দেশজুড়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি জরুরি চিকিৎসা ও ত্রাণ সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপর রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার জন্য দ্রুত ও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং এর প্রভাব দেশটির বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল-জাজিরা