মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
ডেস্ক রিপোর্ট আন্তর্জাতিক ৪ জুলাই ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
শেয়ার

গ্রেপ্তার বাংলাদেশিরা আইএস গোষ্ঠীর অর্থ সংগ্রহে জড়িত, অভিযোগ মালয়েশিয়ার পুলিশের


মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মতাদর্শ ছড়ানো এবং অর্থ সংগ্রহে জড়িত থাকার অভিযোগ তুলে একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল বলেছেন, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে অর্থ পাঠাত’।

আজ শুক্রবার সদর দপ্তর বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়; তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৬ সালে আইএসের এক হামলার পর থেকে শত শত সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক অভিযান জোরদার হওয়ার পর এ ধরনের গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্ক মূলত মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করেই সদস্য সংগ্রহ করছিল। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্র মতবাদ প্রচার এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএসের কাছে অর্থ পাঠানো হতো। কত টাকা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মোহাম্মদ খালিদ বলেন, ‘মোট ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত বলে আমাদের ধারণা। যাদের সম্পৃক্ততা কম, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’