মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ জুলাই ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার

শুল্কারোপ নিয়ে নতুন হুমকি ট্রাম্পের, ৫ দিনের আলটিমেটাম


trumpশুল্কারোপ নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না সেসব দেশের ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে। শুক্রবার (০৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠাতে শুরু করব। এ চিঠিতে নতুন শুল্কের কথা জানানো হবে। এটি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

ট্রাম্প জানান, তিনি দ্বিপাক্ষিক চুক্তিকে প্রাধান্য দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হওয়ায় তিনি সরাসরি শুল্ক আরোপের পথে হাঁটছেন। তিনি বলেন, আমরা কিছু চুক্তি করেছি। তবে আমি মনে করি যে, তাদের কত শতাংশ শুল্ক দিতে হবে তা চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া ভালো।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের আংশিক বাণিজ্য চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আর চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক ধার্য হবে।

এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এখনো চলছে। ট্রাম্প জাপানকে কঠিন অংশীদার বলে উল্লেখ করে বলেন, দেশটির ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘পারস্পরিক শুল্ক’ চাপিয়ে দেন। এবার সে হার ছাড়িয়ে যাচ্ছে। এ ঘোষণার ফলে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে এবং মার্কিন ডলার ও বন্ডের দরপতন হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টক ও বন্ড বাজার বন্ধ থাকলেও বিশ্বজুড়ে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।