দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো এক বছরে ১০ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দেশটির জাতীয় রাজস্ব দফতরের (ন্যাশনাল ট্যাক্স সার্ভিস) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ লাখ ৮ হাজার ২৮২টি ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধের আবেদন করেছে, যা ১৯৯৫ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুদের হার ও মুদ্রাস্ফীতির চাপে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় বাজারে ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে খুচরা বিক্রেতা ও রেস্তোরাঁ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে—বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধেকই এ খাতের।
তথ্য-উপাত্ত বলছে, ২০২৩ সাল থেকেই ব্যবসা বন্ধের প্রবণতা ঊর্ধ্বমুখী। এর পেছনে কোভিড-১৯ মহামারির সময় সৃষ্ট ‘জমে থাকা মন্দা’ এবং উচ্চ সুদের হারের কারণে খেলাপি ঋণের হার বৃদ্ধি আংশিকভাবে দায়ী।
ইনস্টিটিউট ফর কোরিয়ান ইকোনমির প্রধান অর্থনীতিবিদ কিম কোয়াং-সিওক জানান, বিক্রি কমে যাওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা—এই দুটি মূল কারণেই বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। ব্যবসা বন্ধের হার ২০২৩ সালে যেখানে ছিল ৯.০২ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৯.০৪ শতাংশ।
সূত্র: ইয়োনহাপ নিউজ




































