মিয়ানমারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের জেরে গত চার দিনে প্রায় ৪ হাজার মানুষ প্রতিবেশী ভারতীয় রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছে। রাজ্যটির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মিজোরামের স্বরাষ্ট্র সচিব ভানলালমাউইয়া জানিয়েছেন, শরণার্থীরা মিয়ানমারের সীমান্ত ঘেঁষা অঞ্চল থেকে বনপথ পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। এদের মধ্যে অনেকেই ভারতে বসবাসরত আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে, অন্যদের কমিউনিটি হল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
এর আগেও মিজোরাম রাজ্য মিয়ানমারের সামরিক দমন-পীড়ন থেকে পালিয়ে আসা প্রায় ৩০ হাজার মানুষকে আশ্রয় দিয়েছে। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ, যা এখনো থামেনি।
মিজোরামের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গত চার দিনে আনুমানিক ৪ হাজার মানুষ ভারতে প্রবেশ করেছে। সীমান্তের ওপারে সংঘর্ষ এখনো চলমান। আমরা কাউকে ফেরত পাঠাচ্ছি না।”
পুলিশ আরও জানায়, মিয়ানমারের ‘চিনল্যান্ড’ এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠী, যারা উভয়েই সেনা শাসনের বিরোধী, একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
এএফপি বলছে, ভারত সরকার মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধরে রাখতে চায়, বিশেষত চীনা প্রভাব মোকাবিলায়। এ কারণে এখনো সেনা অভ্যুত্থান নিয়ে তারা সরাসরি কোনো নিন্দা জানায়নি।




































