
বরখাস্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়ার প্রাক্তন পরিবহনমন্ত্রী রোমান স্তারোভয়তকে (৫৩) গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার মস্কোর অদূরে নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, স্তারোভয়ত নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঠিক কখন তার মৃত্যু হয়েছে, তা পরিষ্কার নয়।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত একটিিআদেশ প্রকাশ করা হয়, যেখানে লেখা ছিল: “রোমান স্তারোভয়তকে পরিবহনমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।” চিঠিতে ছাঁটাইয়ের কোনো কারণ জানানো হয়নি।
২০২৪ সালের মে মাসে রাশিয়ার পরিবহনমন্ত্রীর দায়িত্ব পান স্তারোভয়ত। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময় ইউক্রেনীয় সেনাদের একাধিক হামলার মুখে পড়ে অঞ্চলটি।
স্তারোভয়তকে বরখাস্তের পরপরই পুতিন তার একজন ডেপুটি, আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেন এবং তাকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ধারণা করছে, কুরস্ক অঞ্চলে দুর্নীতি ও সীমান্তে প্রতিরক্ষা নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সম্ভাব্য একটি মামলার সঙ্গে স্তারোভয়তের সংশ্লিষ্টতা থাকতে পারে।













































