
নোবেল পুরস্কারের জন্য এবার ট্রাম্পকে মনোনয়ন দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সংবাদ নিজেই প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবর এএফপি।
যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু সোমবার রাতে হোয়াইট হাউসে নৈশভোজে অংশ নেন। সেখানে তিনি বলেন, ট্রাম্প একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। সেজন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করেছেন এবং পুরস্কার কমিটির কাছে পাঠানো চিঠির একটি কপি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন।
বছরের পর বছর ধরে সমর্থক এবং অনুগত আইন প্রণেতাদের কাছ থেকে একাধিক বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ট্রাম্প এবং বারবার মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি হাতছাড়া হওয়ায় তিনি তার বিরক্তিও কথা গোপন করেননি।
ট্রাম্প নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাতা’ হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তিনি ইউক্রেন এবং গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ করার জন্য তার আলোচনার দক্ষতা ব্যবহার করবেন বলেও জানিয়েছিলেন সেসময়। যদিও তার প্রেসিডেন্ট হিসাবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে উভয় সংঘাত এখনও তীব্র।




































