
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।
চলমান এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছেন।
এবার এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি।




































