বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
ডেস্ক রিপোর্ট জাতীয় ২২ জুলাই ২০২৫, ৮:৪১ অপরাহ্ন
শেয়ার

গুজবে কান দেবেন না, আমরা কিছু গোপন করছি না: বিমান বাহিনী প্রধান


Air-chiefদেশের সংকটকালে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে জনসচেতনতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে কুর্মিটোলা বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দুর্ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি ও নানা গুজব ছড়ানো দুঃখজনক। এখানে কিছু লুকানোর নেই। আমরা কিছু গোপন করছি না—কার কাছেই বা করব? আমরা সবাই এই দেশেরই মানুষ।”

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনী একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজব ও অপতথ্য ছড়িয়ে এই শক্তিকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমরা যেসব তথ্য নিশ্চিতভাবে পাচ্ছি, তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মাধ্যমে নিয়মিত জানানো হচ্ছে।

বিমান দুর্ঘটনার প্রসঙ্গে এয়ার চিফ মার্শাল বলেন, “বিমান রক্ষণাবেক্ষণে আমরা কখনোই আপোষ করি না। প্রতিটি বিমানের নির্দিষ্ট কার্যক্ষম সময়সীমা রয়েছে। এক যুগ বা দুই যুগ ব্যাপার নয়, মূল বিষয় হলো যথাযথ রক্ষণাবেক্ষণ। আমাদের প্রতিটি বিমান ভালোভাবে দেখাশোনা করা হয়। প্রযুক্তি পুরোনো হতে পারে, কিন্তু বিমান নয়।”

তিনি আরও জানান, ঘটনার পরপরই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কী ঘটেছিল, তা বিশ্লেষণ করে যথাযথ সুপারিশ দেবে। কোনো ভুল ত্রুটি থাকলে তা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

পাইলট তৌকির ইসলামের আত্মত্যাগের প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, দুর্ঘটনার সময় পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন জনবহুল এলাকায় না পড়ে। তিনি একটি খালি জায়গা লক্ষ্য করে বিমানটি নিয়ে যেতে চেয়েছেন। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য।