
পাঁচদিন টানা সংঘাতের পর মালয়েশিয়ার মধ্যস্থতায় ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকে সোমবার (২৮ জুলাই) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আঞ্চলিক ব্লক আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে নেতারা আলোচনায় বসেন।
মালয়েশিয়ায় আয়োজন করা দুদেশের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে মধ্যস্থতা করার পর আনোয়ার ইব্রাহিম বলেন, ‘কম্বোডিয়া এবং থাইল্যান্ড উভয়েই তাদের মধ্যে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে আর সেটি হলো- তাৎক্ষণিক ও শর্তহীনভাবে স্থানীয় সময় ২৮ জুলাই মধ্যরাত (অর্থাৎ আজ রাত) থেকে অস্ত্রবিরতি কার্যকর হবে।’
থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়।
মালয়েশিয়ার নেতা আনোয়ার ইবরাহিম বলেছেন, স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।
এর আগে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই দ্রুত সমঝোতায় আসার আহ্বান জানান তিনি। তবে এর আগে, রোববারও (২৭ জুলাই) রাতভর গোলাগুলি হয় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকায়।




































