বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
শেয়ার

‘প্রশাসনের উদ্যোগে রংপুরে ক্ষতিগ্রস্থ হিন্দুদের বাড়িঘর মেরামত করা হবে’


‘জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের বাড়িঘর মেরামত করা হবে’

এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননার অভিযোগে হামলার পর রংপুরে হিন্দু পাড়ার ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এখন থেকেই শুরু করা হবে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

গতকাল সোমবার (২৮ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটুক্তিকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারসহ মোট ০৩টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

তিনি পরিবারগুলোর সাথে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।

এদিকে রংপুরের পুলিশ সুপার মো: আবু সাইম জানান, হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় মোট ১২ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে ২২ টি পরিবার বসবাস করতো।

তিনি জানান, রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার বাবা, দাদা এবং চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আছেন। অন্যান্য ১৯ টি পরিবারের সকল পুরুষ সদস্য তাদের নিজ নিজ বাড়িতে ই আছেন। ঘরবাড়ি ভাংগা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিক্সাভ্যান যোগে অন্যত্র চলে গেছে।

স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশ এর সাথে কাজ করছে।

ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত হলে নারী সদস্যগণসহ সকলেই নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে জানান তিনি।

এই হামলার ঘটনায় দায়ীদের সনাক্তকরণের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।