রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৭ আগস্ট ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
শেয়ার

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগোল বাংলাদেশের মেয়েরা


woman-football

ফিফা র‍্যাংকিংয়ে রেকর্ড ২৪ ধাপ উন্নতি করেছে বাংলাদেশের মেয়েরা। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকাররা রয়েছেন ১০৪ নম্বরে। বাংলাদেশের সেরা র‍্যাংকিং অবশ্য ১০০। উন্নতির ধারায় থাকতে পারলে ডিসেম্বরে প্রকাশিতব্য পরের র‍্যাংকিংয়ে নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে চলে যাবে পিটার বাটলারের দল।

সম্প্রতি মিয়ানমারের মাঠে টানা তিন জয়ে ২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেখানে তারা হারিয়ে দেয় ফিফা র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা বাহরাইন ও মিয়ানমারকে। তার আগে জর্ডানে তিন জাতির ফুটবল টুর্নামেন্টে তারা ড্র করে ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের সঙ্গে। এই পাঁচ ম্যাচের ফলাফলই বাংলাদেশকে ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে দেয়। এবারের র‍্যাংকিংয়ে ১৯৬টি দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট (৮০.৫১) পেয়ে সবচেয়ে বড় লাফ (২৪ ধাপ) দিয়েছে লাল-সবুজ জার্সিধারী দল। যুক্তরাষ্ট্রকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে সদ্যই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া স্পেন। তাদের পরেই যুক্তরাষ্ট্র, সুইডেন, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ব্রাজিল, জাপান, কানাডা ও উত্তর কোরিয়া।

২০১৩ ও ২০১৭ সালে দুবার ফিফা র‍্যাংকিংয়ে ১০০ নম্বরে উঠেছিল বাংলাদেশ। একশর নিচে চলে আসা এখন মেয়েদের জন্য কেবলই সময়ের ব্যাপার। গত জুনে মিয়ানমারে এশিয়া কাপ বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে বাংলাদেশের র‍্যাংকিং ছিল ১২৮। সাফ অঞ্চলে সবার উপরে ভারত, যারা রয়েছে ৬৩ নম্বরে, এরপর নেপাল ৮৭ নম্বরে। ভারত এশিয়া কাপে উঠলেও পারেনি নেপাল।

এদিকে, মেয়েরা দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলেও ছেলেরা রয়ে গেছে আগের মতোই আশির ঘরে। বাংলাদেশ পুরুষ ফুটবল দল বর্তমানে রয়েছে ১৮৪ নম্বরে।