ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। এ সময় ঢাকার উত্তর সিটি করপোরেশনে সর্বোচ্চ ১৪৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে বরিশাল বিভাগে ১০৯, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণে ১০৩, চট্টগ্রামে ৫৮, রাজশাহীতে ৪৪, ময়মনসিংহে ১২, রংপুরে ১০ ও সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু (৭৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া চট্টগ্রামে ২১, বরিশালে ১৯, ঢাকা উত্তরে ১৩, রাজশাহীতে ৭, খুলনায় ৫, ময়মনসিংহে ৪ এবং ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন।






































