
শিল্পী ফরিদা পারভিন। ছবি সংগৃহিত
কিংবদন্তি লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ফরিদা পারভীনের মেয়ে জিহান ফারিহা জানান, মায়ের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক খারাপ হয়েছে। ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, তার কিডনি ও মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গেছে, হার্টে অনিয়মিত স্পন্দন রয়েছে, এবং শরীরজুড়ে রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মাল্টি অর্গান ফেইলিউর ধরা পড়েছে। উচ্চ রক্তচাপের অভাবে ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না এবং তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম জাফর নুমানী ফেসবুকে লিখেছেন, তার মায়ের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, ব্লাডপ্রেশারও নেই। ডাক্তাররা কৃত্রিমভাবে ওষুধ প্রয়োগ করে ব্লাডপ্রেশার ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তবে উন্নতির সম্ভাবনা খুবই কম। তবুও চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনের মাধ্যমে লাইফ সাপোর্ট চালিয়ে যাওয়া হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই। তারা শুধু সবার কাছে ফরিদা পারভীনের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে দেশাত্মবোধক গান গেয়ে খ্যাতি পাওয়া ফরিদা পারভীন লালন সংগীতের মাধ্যমে নিজেকে পরিচিতির শিখরে পৌঁছে দেন। ১৯৭৮ সালে একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত এই শিল্পী ভবিষ্যৎ প্রজন্মকে লালনের গান শেখানোর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রেখেছেন।





































