
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও ১২ দিন, কোথাও আবার মাত্র দুই দিনের ছুটি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক শিক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটি দাঁড়াবে ১১ দিন। ৭ অক্টোবর ক্লাস শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ক্লাস চালু হবে।
মাদরাসা শিক্ষা
মাদরাসাগুলোতে ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত। এছাড়া ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।
কারিগরি শিক্ষা
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
সরকারি চাকরিজীবীদের ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা চার দিনের ছুটি পাবেন। ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা চার দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মচারীরা।







































