বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:০২ অপরাহ্ন
শেয়ার

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন


Dr. Muhammad Younus

ফাইল ছবি


ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলের (সিএ) সদস্যপদে টানা দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ সাফল্যে সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে বাংলাদেশ জয়ী হয়। ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করেছে দেশটি। ফলে আরও চার বছরের জন্য প্রশাসনিক কাউন্সিলে জায়গা ধরে রাখল বাংলাদেশ।

এর আগের মেয়াদে বাংলাদেশ সীমিত ভূমিকা রেখেছিল। ২০২১ সালের নভেম্বরে কেবল একটি সরাসরি বৈঠকে অংশ নেয়, বাকিগুলো ভার্চুয়ালি সম্পন্ন হয়েছিল। এতে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ ছিল সীমিত। এ কারণে পুনর্নির্বাচন নিয়ে সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে সেই বাধা অতিক্রম করা সম্ভব হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এ ফলাফলকে “কূটনৈতিক সাফল্য” হিসেবে অভিহিত করেছেন।