বুধবার । জানুয়ারি ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ অক্টোবর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

এনসিপির সিদ্ধান্তকে দুঃখজনক বললেন আলী রীয়াজ


Ali Riaz

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

জুলাই সনদে স্বাক্ষর স্থগিত রাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিদ্ধান্তকে দুঃখজনক বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, ‘আমরা বুঝতে পারছি, এনসিপির এই সিদ্ধান্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেওয়া। তবুও আমরা আশা করছি, তারা সামগ্রিক বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।’

এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, সনদে স্বাক্ষরের আগে দলটি তিনটি বিষয়ে পরিষ্কার নিশ্চয়তা চায়। সেগুলো হলো—জুলাই সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ পাঠ এবং গণভোটের প্রশ্ন আগে থেকেই জনগণের সামনে প্রকাশ করা, আদেশটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জারি হওয়া, এবং গণভোটে জনগণের রায় চূড়ান্ত বলে গণ্য করা—যার পর নতুন সংসদ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ‘বাংলাদেশ সংবিধান–২০২৬’ নামে সংস্কারিত সংবিধান প্রণয়ন করবে।

কমিশনের এক সূত্র জানায়, এনসিপির সঙ্গে এখনো আলোচনা চলমান। দলটিকে বোঝাতে সরকারের বিভিন্ন শাখাও কাজ করছে। পাশাপাশি, সনদে স্বাক্ষর অনুষ্ঠানের পর দ্রুত বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ সরকারকে দেওয়া হবে।

আলী রীয়াজ আরও বলেন, “কমিশন বরাবরই বলেছে, সনদে স্বাক্ষরের পরপরই বাস্তবায়নের প্রস্তাবনা সরকারকে পাঠানো হবে। তাই এনসিপির অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি।”

জুলাই সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে কেবল একটিতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে এনসিপি। সেটি নারী প্রতিনিধিত্বে সরাসরি নির্বাচনের আসনসংখ্যা নিয়ে। এনসিপি চায় ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাবে এই সংখ্যা ৫ শতাংশ।

রীয়াজ বলেন, ‘মূল সংস্কার প্রস্তাবগুলোতে এনসিপির কোনো মতভেদ নেই। বরং তারা বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে পারে।’