শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ অক্টোবর ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা


Chief-Adviser

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চে উঠেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনর প্রতিনিধিরা।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

মঞ্চে উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিদের আগমন শুরু হয় বিকেল থেকেই। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবকে অনুষ্ঠানস্থলে দেখা গেছে।

উল্লেখ্য, আজ বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা কিছুটা দেরিতে শুরু হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বিকেলে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “সবকিছু ঠিকঠাক চলছে, কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় আছি।”

অনুষ্ঠান শুরুর আগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে বিক্ষোভের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ প্লাজা এলাকায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

আকাশে এখনো মেঘলা থাকলেও ঐতিহাসিক এই অনুষ্ঠানে ধীরে ধীরে জমায়েত হচ্ছেন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন অনেকেই।