মঙ্গলবার । জানুয়ারি ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ অক্টোবর ২০২৫, ১:০০ অপরাহ্ন
শেয়ার

শিক্ষকদের দাবিতে বিএনপির সমর্থন, আন্দোলনের ছদ্মবেশে বিশৃঙ্খলার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা


Teachers strick

শিক্ষকদের চলমান আন্দোলন ও ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলেছে তারা শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে জানান, বিএনপি শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা, এবং অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

তবে যদি কেউ শিক্ষকদের ন্যায্য আন্দোলনের ছদ্মবেশে স্বৈরাচারী সহযোগীদের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা প্রতিহত করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বলা হয়, “দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।” তিনি আরও বলেন, “তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে বা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চালায়, বিএনপি তা দৃঢ়ভাবে প্রতিহত করবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “রাষ্ট্র ও জাতির উন্নয়ন কিংবা নাগরিক কল্যাণের যেকোনো উদ্যোগ তখনই সফল হবে, যখন শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা যাবে।”

বিএনপি আশ্বাস দিয়েছে, জনগণের ভোটে পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দলটি রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, চাকরি স্থায়ীকরণ, এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তবে বিবৃতিতে সতর্ক করা হয়, “যদি কেউ শিক্ষকদের ন্যায্য আন্দোলনের ছদ্মবেশে স্বৈরাচারী সহযোগীদের মাধ্যমে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক উত্তরণে বাধা দিতে চায়, বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।”