মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ অক্টোবর ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
শেয়ার

১০ চুক্তির অধিকাংশই অস্তিত্বহীন: পররাষ্ট্র উপদেষ্টা


Foreign Advisor

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি তালিকা ঘুরে বেড়ালেও তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে তালিকাটি সামাজিক মাধ্যমে এসেছে, সেটি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল। এর অধিকাংশ চুক্তির বাস্তব কোনো অস্তিত্বই নেই। কেবল একটি চুক্তি বাতিল হয়েছে—সেটি হলো ভারতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান জিআরএসই-র সঙ্গে টাগবোট সরবরাহ চুক্তি।”

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত কিছু চুক্তি ও প্রকল্প পুনর্বিবেচনা ও পর্যালোচনার আওতায় রয়েছে, তবে তা মানে এই নয় যে সেগুলো বাতিল করা হয়েছে।

এর আগে সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০টি চুক্তি বাতিল করা হয়েছে এবং আরও কয়েকটি চুক্তি বিবেচনাধীন রয়েছে।

তিনি পোস্টে যে চুক্তিগুলোর তালিকা প্রকাশ করেন, তাতে উল্লেখ ছিল—ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদীর পানি ব্যবস্থাপনা, বন্দর ব্যবহারে সড়ক ও নৌপথ উন্নয়ন, ফারাক্কাবাদ প্রকল্পে বাংলাদেশের অর্থায়ন প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা), এবং জিআরএসই টাগবোট প্রকল্প।

তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানান, এই তালিকার তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে চুক্তি বাতিলের এমন কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু একটি প্রকল্পই বন্ধ করা হয়েছে।