মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ অক্টোবর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
শেয়ার

জীববৈচিত্র্য সংরক্ষণে সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের


saint-martin

বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী নভেম্বর থেকে। তবে এ সময় পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপনের অনুমতি থাকবে না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে শর্তসাপেক্ষে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হবে।

বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভ্রমণসংক্রান্ত ১২ দফা নির্দেশনাও জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৩ ধারা অনুযায়ী ২০২৩ সালে প্রণীত ‘সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা’ অনুসারে এই নির্দেশনাগুলো কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখিত ১২টি গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে রয়েছে:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান সেন্ট মার্টিনে চলাচলের অনুমতি দিতে পারবে না।

পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ভ্রমণ পাস ও কিউআর কোড থাকবে; কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে।

দ্বীপে রাতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ।

কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রি, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ কোনো মোটরচালিত যানবাহন চলাচল করা যাবে না।

পলিথিন বহন নিষিদ্ধ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক- যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, শ্যাম্পু ও সাবানের মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল- বহন নিরুৎসাহিত করা হয়েছে।

পর্যটকদের পরিবেশবান্ধব ভ্রমণ নিশ্চিত করতে নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হলে দ্বীপের নাজুক প্রতিবেশব্যবস্থা সুরক্ষিত থাকবে এবং পর্যটন আরও টেকসই ও শৃঙ্খলিত হবে।

এর আগে মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশবান্ধব ভ্রমণ বাস্তবায়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে সচিব ফারহিনা আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং ই-টিকেটিং ব্যবস্থাপনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।