শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ অক্টোবর ২০২৫, ২:১৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে কোনো বিদেশি চাপ নেই: প্রেস সচিব


Shafiqul Alam

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ।। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন একাধিকবার স্পষ্টভাবে জানিয়েছে—আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের ওপর কোনো ধরনের দেশি বা বিদেশি চাপ নেই। বরং আন্তর্জাতিক মহল বিস্ময় প্রকাশ করছে—জুলাই আন্দোলনের ভয়াবহ হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুশোচনা বা আত্মসমালোচনার কোনো ইঙ্গিত দিচ্ছে না।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরার পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে রয়েছে। তিনি বলেন, ‌‘এবারের নির্বাচনে জনগণ আগ্রহ ও উৎসাহের সঙ্গে ভোট দেবে, কারণ দীর্ঘদিন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত ছিল।’

গত ১৫ বছরে অনুষ্ঠিত নির্বাচনের অধিকাংশেই ছিল অনিয়মে ভরা মন্তব্য করে শফিকুল আলম বলেন, ‘প্রতিটি নির্বাচনে ছিল চুরি, দুর্নীতি ও প্রভাব খাটানোর সংস্কৃতি। এমপিরা ঠিকাদারি নিয়েছেন, প্রার্থী মনোনয়নে হয়েছে অর্থবাণিজ্য। কে প্রার্থী হবেন, কে হবেন না—সব কিছু নির্ধারিত হতো টাকার বিনিময়ে।’

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন- বলেন প্রেস সেক্রেটারি।

এর আগে শফিকুল আলম জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।