মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ অক্টোবর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
শেয়ার

যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, কর্তৃপক্ষের দাবি ‘হেয়ারক্র্যাক’


Jamuna-Rail-Bridge

যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর কয়েকটি পিলারে চির ধরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অনলাইনে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের এক বছরের মধ্যেই এমন চিত্র প্রকাশ পাওয়ায় নেটিজেনদের মধ্যে নির্মাণত্রুটি, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে সমালোচনা চলছে।

তবে যমুনা রেলওয়ে সেতু কর্তৃপক্ষ জানাচ্ছে, এটি ফাটল নয়; বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট ক্ষুদ্র হেয়ারক্র্যাক। যা সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো ঝুঁকি সৃষ্টি করবে না।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী নাইমুল হক বলেন, রেলসেতুর পশ্চিম পাশে ৮-১০টি পিলারে নিচের অংশে সামান্য চুলের মতো ফাঁক দেখা গেছে। ইতোমধ্যে রেজিন বা বিশেষ আঠা দিয়ে মেরামত শুরু হয়েছে।

তিনি অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে কেউ কেউ সেই হেয়ারক্র্যাকের ছবি বড় করে দেখিয়ে আতঙ্ক ছড়াচ্ছে।
“এটি নির্মাণ ত্রুটি বা হানিকম্ব নয়। বৈরী আবহাওয়ার কারণে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র ফাঁকা সৃষ্টি হয়েছে। এটি সেতুর জন্য মোটেও ক্ষতিকর নয়,” যোগ করেন তিনি।

চলতি বছরের ১৮ মার্চ দেশের দীর্ঘতম ৪.৮ কিলোমিটার ডাবল ট্র্যাক ডুয়েল গেজ রেলসেতুটির উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয়েছে ১৬ হাজার ৭৮০.৯৬ কোটি টাকা। এর ৭২.৪ শতাংশ অর্থায়ন করেছে জাইকা। সেতুটি নির্মাণ করেছে জাপানের ওটিজি ও আইএইচআই কোম্পানি।

২০২০ সালের ২৯ নভেম্বর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে পাইলিং ও পিলার নির্মাণ সম্পন্ন করা হয়।