মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

আর মাত্র ৩ দিন পরেই বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম


Mobile Simএনআইডিতে ১০টির বেশি সিম থাকলে আগামী ৩০ অক্টোবরের পর থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে বিটিআরসি দৈবচয়ন বা র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে, যাতে সঠিক মালিকানা নিশ্চিত ও সিম নিবন্ধন ব্যবস্থা আরও স্বচ্ছ ও নিরাপদ করা যায়।

যে কেউ সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে। এজন্য যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই তাৎক্ষণিকভাবে তথ্য জানা যাবে।

‘দৈবচয়ন’ বা র‍্যান্ডম সিলেকশন প্রক্রিয়ায় মানবিক সিদ্ধান্তের কোনো ভূমিকা থাকবে না—কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে এলোমেলোভাবে অতিরিক্ত সিম বেছে নিয়ে বন্ধ করে দেবে।

বর্তমানে দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় সিম থাকলেও প্রকৃত গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশ গ্রাহকের নামে ৫টির কম সিম, ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি সিম, আর মাত্র ৩ শতাংশ গ্রাহকের নামে ১১টির বেশি সিম রয়েছে।