
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনেই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে বিএনপির অবস্থান আগে যা ছিল এখনো তাই। এ নিয়ে নতুন করে আলোচনা বা পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে আলাদা করে কোনো গণভোট আয়োজনের সুযোগ নেই। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের অবস্থান, এবং এতে বিএনপি অনড়। ঐকমত্যের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগও নেই।’
অন্তর্বর্তী সরকারের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে যাদের নিয়ে বিতর্ক রয়েছে, সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি কাঠামোর কথা উঠে এসেছে। কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্যও তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা সামনে এসেছে।’
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি জানান, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা, দলীয় প্রস্তুতি এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
আমীর খসরু আরও বলেন, ‘মানুষের দীর্ঘদিনের দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাজ্যও একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।’






































