
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ও কারাবন্দি ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশিরা নভেম্বর মাস থেকে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশ নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে বা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন, যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হয়।
নির্বাচন কমিশনার আরও জানান, কারাগারে থাকা ভোটারদের জন্যও বিশেষ ব্যবস্থার মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করা হবে। এ উদ্যোগের ফলে কারাবন্দিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, “কমিশন দেশের প্রতিটি প্রান্তে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে। জনগণ যাতে সহজে ভোটকেন্দ্রে পৌঁছে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
মো. আনোয়ারুল ইসলাম জানান, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রভিত্তিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ এবং প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।
এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





































