মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

আবার বাড়লো স্বর্ণের দাম


gold

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

শনিবার (১ নভেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দর ঘোষণা করে। রোববার (২ নভেম্বর) থেকে দেশের বাজারে এ দাম কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকায় এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘোষিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানের পার্থক্যের কারণে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে, ৩০ অক্টোবর বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল ভরিতে ২ হাজার ৬১৩ টাকা, যার ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছিল ২ লাখ ৯৬ টাকায়। সেই দাম কার্যকর ছিল ৩১ অক্টোবর থেকে।

২০২৫ সালে এ নিয়ে মোট ৭৩তম বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৫০ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর (২০২৪) বাজুস ৬২ বার দাম সমন্বয় করেছিল, যার মধ্যে ৩৫ বার ছিল মূল্যবৃদ্ধি।

তবে স্বর্ণের পাশাপাশি রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে—যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।