
২ নভেম্বর ময়নুল হক দেশে ফেরেন
সুদানের যুদ্ধবিধ্বস্ত আবেই অঞ্চল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দেশে ফিরেছেন দীর্ঘ ১৯ বছর ধরে আটকে থাকা এক বাংলাদেশি। তার নাম মো. ময়নুল হক। রবিবার (২ নভেম্বর) তিনি দেশে ফেরেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (UNISFA)-তে দায়িত্ব পালনরত বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যানব্যাট-৩ এর একটি টহলদল গেলো মে মাসের প্রথম সপ্তাহে আবেই বাজার এলাকায় হঠাৎই ময়নুল হকের সন্ধান পায়।
প্রায় দুই দশক আগে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমিয়েছিলেন ময়নুল হক। কিন্তু দেশটিতে হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধে তার সবকিছু এলোমেলো করে দেয়। জীবন বাঁচাতে তিনি পালিয়ে যান আবেই অঞ্চলে, যেখানে দীর্ঘদিন অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় তাকে। এসময় তিনি হারান তার পাসপোর্ট ও অন্যান্য বৈধ নথিপত্র, ফলে তার দেশে ফেরার পথ একেবারেই বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর ময়নুল তাদের কাছে দেশে ফেরার আকুতি জানান। সেনা সদস্যরা বাংলাদেশের গাইবান্ধায় থাকা ময়নুলের পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন। তারপর সেনাসদর থেকে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে এবং তার আর্থিক দুরবস্থা বিবেচনায় বিমান ভাড়া ও অন্যান্য সহায়তাও দেয়।
গত ২৯ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ময়নুল হক আবেই থেকে বিমানযোগে দক্ষিণ সুদানের জুবা পৌঁছান এবং সেখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে ফেরেন।
১৯ বছর পর মাতৃভূমিতে আপনজনদের কাছে ফিরতে পেরে আপ্লুত ময়নুল হক। দেশে ফেরার আশা তিনি একপ্রকার হারিয়েই ফেলেছিলেন। সেনাবাহিনী তার সেই হারানো স্বপ্নকে বাস্তব করেছে।





































