মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ নভেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
শেয়ার

উপহারের সেই নৌকা তোষাখানায় জমা দিলেন ফাওজুল কবির


Fauzul-Kabir

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির উপহার দেওয়া নৌকার প্রতিকৃতি নিয়ে বিতর্কের পর সেটি সরকারি তোষাখানায় জমা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ রোববার (২ নভেম্বর) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেন ফেসবুক পোস্টের মাধ্যমে।

গতকাল শনিবার (১ নভেম্বর) আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা। সেখানেই রাষ্ট্রদূতের পক্ষ থেকে তাকে পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেওয়া হয়। পরে এ উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

আজ দুপুরে প্রকাশিত এক পোস্টে উপদেষ্টা লিখেছিলেন, উপহারটি কীভাবে গ্রহণযোগ্যভাবে সংরক্ষণ করা যায়, এ বিষয়ে মতামত চান তিনি। এরপর বিকেলে আরেক পোস্টে জানান, “গত রাতে আলজেরীয় দূতাবাস থেকে প্রাপ্ত উপহারটি সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রেরণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে এজন্য প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয়েছে। আপনাদের মতামতের জন্য ধন্যবাদ।”

উল্লেখ্য, রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।