বৃহস্পতিবার । জানুয়ারি ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ ডিসেম্বর ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

মধ্যরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত


Earthquake

ফাইল ছবি

কক্সবাজার ও আশেপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ভাষ্যমতে, এ ভূ কম্পনের স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল।

ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

এদিকে ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের বরাত দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর একটি মিয়ানমার। দুটি টেকটোনিক প্লেট—ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান, যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে।