শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ ডিসেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
শেয়ার

‘প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের ওপর আঘাত’


Human-Chain

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, সাংবাদিক, লেখক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁদের দাবি- এই হামলা কোনো নির্দিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনভাবে কথা বলার জায়গা সংকুচিত হওয়া দেশের ভবিষ্যতের জন্য অশুভ সংকেত। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভা শেষে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হামলার লক্ষ্য সংবাদমাধ্যম নয়- গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করা। তিনি গণতন্ত্রকামী সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর বলেন, হামলাকারীরা মধ্যযুগীয় কায়দায় সংবাদকর্মীদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নোয়াব সভাপতি এ. কে. আজাদ ঘোষণা দেন, জানুয়ারির মাঝামাঝি সারাদেশের সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। পরিকল্পিত হামলার অভিযোগ তুলে তদন্ত ও বিচারের দাবি জানান বিভিন্ন বক্তা।

আলোচনা সভায় আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে এখনই জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।