
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শপথবাক্য পাঠ করান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ লক্ষ্যে তারা ‘শহীদী শপথ’ নিয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা হাত তুলে শপথে অংশ নেন। কর্মসূচিতে নিহত ওসমান হাদির ভাই শরীফ ওমর, ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফাতেমা তাসনিম জুমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শপথবাক্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির রক্তের শপথ নিয়ে তারা এই হত্যাকাণ্ডের বিচার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত এবং যারা এর নেপথ্যে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হচ্ছে। দেশের ওপর যে আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তা প্রতিহত করাই এই আন্দোলনের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ভয়, লোভ কিংবা আপসের রাজনীতি ইনকিলাব মঞ্চ প্রত্যাখ্যান করে। কোনো ধরনের চাপ বা প্রলোভন তাদের আন্দোলন থেকে সরাতে পারবে না বলে শপথে উল্লেখ করা হয়।
শপথে আরও বলা হয়, ওসমান হাদির হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তার স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা হয়, যেখানে শাসকরা জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকবে এবং গুম, খুন ও হত্যার মতো ঘটনা বন্ধ হবে।











































