শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
শেয়ার

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত, প্রজ্ঞাপন জারি


primary-school

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিদ্যমান জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান ১১তম গ্রেড (স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা) থেকে উন্নীত করে দশম গ্রেডে (স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গ্রেড দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদাভুক্ত।

প্রধান শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন তারা ১১তম গ্রেড অনুযায়ী উত্তোলন করেছেন। তবে ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন দশম গ্রেডের বেতন ও সংশ্লিষ্ট ভাতা পরবর্তী মাস জানুয়ারির বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।

দীর্ঘদিন ধরে চলা আন্দোলন ও দাবি আদায়ের প্রেক্ষিতে প্রধান শিক্ষকদের এই অর্জন এসেছে। তবে সহকারী শিক্ষকরা এখনো তাদের প্রত্যাশিত ১১তম বা ১২তম গ্রেডের দাবিতে সফল হননি। সর্বশেষ শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা ডিসেম্বর মাসের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখেন।