
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগে অবস্থান কর্মসূচির মধ্যে তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তার ভাষায়, প্রয়োজনে আন্দোলনকারীরা রাতেও শাহবাগে অবস্থান করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা, দেশব্যাপী দোয়া-মোনাজাত এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। অবরোধ চলাকালে আন্দোলনকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশাযোগে ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একই দিন এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।











































