রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন
শেয়ার

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি তুলে দিল ইসরাইলি সেনা


pleastine

ছবি: সংগৃহীত

গাজার পশ্চিম তীরে নামাজ আদায়রত এক ফিলিস্তিনি ব্যক্তির ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেওয়ার অভিযোগ উঠেছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)-এর এক সেনার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেসামরিক পোশাক পরিহিত এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে একটি এটিভি গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে সজোরে ধাক্কা দেন। পরে তাকে চিৎকার করে এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেন ওই ব্যক্তি।

আইডিএফ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নয়। গাড়িচালক একজন রিজার্ভ সেনা ছিলেন বলে তারা নিশ্চিত করেছে। ঘটনার পর অভিযুক্ত সেনাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নির্যাতনের শিকার ফিলিস্তিনির নাম মাজদি আবু মুখো। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বর্তমানে তিনি বাড়িতে আছেন। তবে তার দুই পায়ে তীব্র ব্যথা রয়েছে বলে জানিয়েছেন তার বাবা। তিনি আরও অভিযোগ করেন, ভিডিওতে দেখা না গেলেও অভিযুক্ত সেনা তার ছেলের চোখে পিপার স্প্রে ছিটিয়ে দিয়েছিলেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে গাজার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। এতে চলতি বছরটিকে অন্যতম সহিংস বছর হিসেবে উল্লেখ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।