রবিবার । মার্চ ২২, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

মিডিয়া ছাড়লেন লুবাবা; পরলেন নেকাব


lubaba

ছবি: সংগৃহীত

শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ধর্মীয় জীবনধারায় পরিবর্তন আনতে নেকাব পরা শুরু করেছেন। প্রখ্যাত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি এই পরিবর্তনের ফলে আর কোনো অভিনয় বা মডেলিংয়ে অংশ নেবেন না, এমনকি জনসম্মুখে মুখও প্রকাশ করবেন না।

শনিবার দুপুরে লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মীয় অনুশাসন ও জীবনধারায় পরিবর্তন লুবাবার নিজের উপলব্ধি থেকে এসেছে। জেমি বলেন, “লুবাবা ধর্মীয় বই ও হাদিস পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সে মনে করছে, এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়। তাই অভিনয় ছেড়ে দিয়েছে এবং নেকাব পরা শুরু করেছে।”

জাহিদা ইসলাম আরও বলেন, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম করেছেন এবং এখন তার সময় কাটছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়তে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি কিছু প্রমোশনাল কাজ চালিয়ে যেতে পারেন, তবে শর্ত হলো সব কাজ নেকাব পরেই করতে হবে।

পরিবারের সূত্রে জানা গেছে, আগামী রমজান মাসে লুবাবা ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পরিকল্পনা করছে।

ছোট বয়সে দাদা আব্দুল কাদেরের অনুপ্রেরণায় শোবিজে পা রাখা লুবাবা চটপটে অভিনয় ও স্বতঃস্ফূর্ততার কারণে অল্প সময়েই পরিচিতি পেয়েছিলেন। তবে এখন সেই পরিচিত জগতকে বিদায় দিয়ে ধর্মের প্রতি মনোযোগ দিয়েছেন এই শিশুশিল্পী।