মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
সেতু ইসরাত বিজনেস ২৯ ডিসেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন
শেয়ার

প্রচারবিমুখ লরিয়াল সম্রাজ্ঞী ফ্রাঁসোয়া এখন বিশ্বের দ্বিতীয় সম্পদশালী নারী


Francoise Bettencourt

বিশ্বখ্যাত কসমেটিকস ব্র্যান্ড লরিয়ালের (L’Oréal) উত্তরাধিকারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স

বিশ্বখ্যাত কসমেটিকস ব্র্যান্ড লরিয়ালের (L’Oréal) উত্তরাধিকারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারীর অবস্থানে রয়েছেন। গত বছর পর্যন্ত তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর খেতাব ধরে রাখলেও, সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তনের কারণে তালিকার শীর্ষে থাকা ওয়ালমার্ট উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটনের পরেই তার অবস্থান।

বর্তমানে ৭১ বছর বয়সী এই ফরাসি উদ্যোক্তার মোট সম্পদের পরিমাণ ৮১.৬ বিলিয়ন ডলার।

মূলত চীনের বাজারে লরিয়ালের বিক্রয় তুলনামূলক কমে যাওয়ায় কোম্পানির শেয়ারের মূল্যে প্রায় ২০ শতাংশ পতন ঘটে। এর প্রভাব পড়ে ফ্রাঁসোয়ার ব্যক্তিগত সম্পদেও। তবে গত বছর তিনিই ছিলেন ইতিহাসের প্রথম নারী, যিনি ১০০ বিলিয়ন ডলারের সম্পদের মাইলফলক স্পর্শ করেছিলেন।

সম্পদ বা ব্যবসায়িক সাফল্যের বাইরে ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্সের জীবনগল্প বেশ বৈচিত্র্যময়। লরিয়ালের প্রতিষ্ঠাতা ইউজিন শুলারের নাতনি হওয়া সত্ত্বেও তিনি কখনোই জৌলুসময় প্রচারণার আলোয় থাকতে পছন্দ করেননি বরং নিভৃতে বই পড়া, পিয়ানো বাজানো এবং লেখালেখিতেই তার বেশি আগ্রহ। গ্রিক মিথোলজি এবং ধর্মতত্ত্বের ওপর তার গভীর পাণ্ডিত্য রয়েছে এবং এ বিষয়ে তার বইও প্রকাশিত হয়েছে।

লরিয়ালের বিশাল সাম্রাজ্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার পারিবারিক দাতব্য সংস্থা ‘বেটেনকোর্ট শুলার ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিজ্ঞান ও শিল্পের প্রসারে কাজ করে যাচ্ছেন।

দীর্ঘ ২৮ বছর কোম্পানির পরিচালনা পর্ষদে সক্রিয় থাকার পর গত ফেব্রুয়ারিতে ফ্রাঁসোয়া মেয়ার্স বোর্ড থেকে অবসরের ঘোষণা দেন। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই বিশাল সাম্রাজ্যের হাল ধরতে প্রস্তুত হচ্ছে পরবর্তী প্রজন্ম।

তার ছেলে জ্যঁ-ভিক্টর মেয়ার্স বছরের শেষে বোর্ড সদস্য হিসেবে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। বিপুল সম্পদের মালিকানা এবং ব্যবসায়িক চ্যালেঞ্জ সত্ত্বেও ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স বিশ্বজুড়ে নারী উদ্যোক্তাদের কাছে এক দৃঢ় ও মেধাবী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত।