
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে ব্যালট নম্বর প্রদান করার অভিযোগ তুলেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ইব্রাহিম খলিল বলেন, ভোট স্লিপের নামে একটি ছাত্রদলের ভোটার তালিকা দিয়ে ভোটারদের কেন্দ্রে পাঠানো হচ্ছে। অর্থনীতি বিভাগের কেন্দ্রে আমি দেখেছি, একজন পোলিং এজেন্ট ভোটারদের লিখে লিখে ছাত্রদলের নির্দিষ্ট ব্যালট নম্বরে ভোট দিতে বলছেন। আমরা এসব অনিয়মের দ্রুত সমাধান চাই।
এদিকে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনকে কার্যত জিম্মি করে রাখা হয়েছে। নিজেদের ব্যালট নম্বর ও স্লিপ ভোটারদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা নয়। আমরা এর অতিদ্রুত সমাধান দাবি করছি।
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, যখন আমরা দেখতে পেলাম একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন কেন্দ্রে এবং ক্যাম্পাসে আছে তখন আমরা নির্বাচন কমিশন এবং প্রক্টরের সঙ্গে কথা বললাম তখন আমাদের ব্যালট এর বিষয়ে অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা এমন কোনো নির্দেশনা দেইনি যেখানে কেন্দ্রে ব্যালট নাম্বার বা অন্য কিছু নিয়ে যাওয়া যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ নির্বাচনের ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করেন ভোটাররা। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জকসু নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।










































