শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৭ জানুয়ারি ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির প্যানেল


Shibir-Panel

রিয়াজুল ইসলাম, আব্দুল আলিম আরিফ ও মাসুদ রানা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে।

ভিপি পদে ২৬ কেন্দ্রের ভোট গণনা শেষে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৬৪ ভোট। অপরদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ১৩ ভোট। ফলে রিয়াজুল ইসলাম রাকিবের চেয়ে ৩৫১ ভোটে এগিয়ে আছেন।

জিএস পদে প্রাপ্ত ২৩ কেন্দ্রের ফল অনুযায়ী শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কোবরা পেয়েছেন ১ হাজার ৩১০ ভোট। এ ক্ষেত্রে আব্দুল আলিম আরিফ এগিয়ে আছেন ২ হাজার ৪৩ ভোটে।

এছাড়া এজিএস পদেও এগিয়ে রয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ৯৮৩ ভোট। অন্যদিকে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৪৯৯ ভোট। তিনি মাসুদের চেয়ে পিছিয়ে রয়েছেন ৪৮৪ ভোটে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জকসুর ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীদের ভোট দিতে দেওয়া হয়।

নির্বাচন কমিশন সূত্রমতে, হল সংসদে ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ ভোট পড়েছে। পরে সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা।