
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদি হল’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন ও স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেলসহ কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব সুপারিশ আকারে সিনেটে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট হল সংসদ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে ডাকসুর নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ সভায় বিষয়টি আলোচনা করে সুপারিশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট হল প্রশাসনও নিজ নিজ সভায় মতামত প্রদান করেছে।
তিনি আরও জানান, আবাসিক ভবনের ক্ষেত্রে ডাকসুর পাশাপাশি সংশ্লিষ্ট সমিতিগুলোও নাম পরিবর্তনের পক্ষে সুপারিশ করেছে। এসব সুপারিশ পর্যালোচনা করে এসএমটি ও সিন্ডিকেট সভায় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়গুলো সিনেটে পাঠানো হয়েছে।
প্রক্টর বলেন, নাম পরিবর্তনের প্রস্তাবগুলো একটি পূর্ণাঙ্গ ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। সিন্ডিকেট কেবল সুপারিশ করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিনেটে বহু সদস্যের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা হবে।
এর আগে ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা অনলাইন ভোটের মাধ্যমে এবং শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা স্বাক্ষরের মাধ্যমে হল সংসদের কাছে নিজেদের মতামত তুলে ধরেন। পরবর্তীতে ডাকসু শেখ পরিবার সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে ‘ফ্যাসিবাদের আইকন’ হিসেবে উল্লেখ করে সেগুলোর নাম পরিবর্তনের আনুষ্ঠানিক দাবি জানায়।








































