
ভারতীয় সিনেমার পর্দায় ফিরছেন ‘রকিং স্টার’ যশ। তবে এবার আর ‘রকি ভাই’ হিসেবে নয় বরং একদম নতুন রূপে ‘টক্সিক: এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ ছবির মাধ্যমে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। গত ৮ জানুয়ারি অভিনেতার জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটির টিজার ইতোমধ্যেই ইন্টারনেটে রীতিমতো সাইক্লোন বইয়ে দিয়েছে। টিজারে যশকে ‘রায়া’ চরিত্রে দেখা গেছে, আর সেখান ব্যবহৃত ‘ড্যাডি ইজ হোম’ ট্যাগলাইনটি ভক্তদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি করেছে।
সফলতার এই জোয়ারে পরিসংখ্যান বলছে এক অবিশ্বাস্য গল্প। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ২৪ ঘণ্টাতেই ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক মিলিয়ে টিজারটি ২২ কোটি ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি সম্ভাব্য নতুন রেকর্ড। এর মধ্যে এককভাবে ইনস্টাগ্রামেই ভিউ ছাড়িয়েছে ১৫ কোটি, আর ইউটিউবে তা ৪৮.৭০ মিলিয়নের ঘর অতিক্রম করেছে। সব মিলিয়ে টিজারটিতে লাইক পড়েছে ৬ মিলিয়নেরও বেশি।
অবশ্য ব্যাপক প্রশংসার পাশাপাশি টিজারটি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। বিশেষ করে একটি দৃশ্যে এক অভিনেত্রীর সঙ্গে যশের কিছুটা খোলামেলা ও অন্তরঙ্গ উপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বিতর্কের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে যশের দীর্ঘদিনের অনুপস্থিতির পর পর্দার এই রাজকীয় ফেরার অপেক্ষা। ২০২২ সালের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর দীর্ঘ বিরতির পর এটিই তার প্রথম কাজ।
গীতু মোহনদাসের পরিচালনায় এবং কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের প্রযোজনায় ছবিটি কন্নড় ও ইংরেজি—এই দুই ভাষায় নির্মিত হচ্ছে, যা কন্নড় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কোনো বড় ঘটনা। বড় পর্দার এই ধামাকা আরও উজ্জ্বল করতে যশের সঙ্গে যুক্ত হয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো তারকা অভিনয়শিল্পীরা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই গ্যাংস্টার অ্যাকশন ড্রামা।











































