
গেল বছরের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তবে বর্তমানে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছেন তিনি।
বিয়ের কয়েক মাস পর থেকেই দুজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না এবং গত জুলাইয়ের শেষ দিক থেকে তারা আলাদা রয়েছেন বলে জানিয়েছেন তাহসান নিজেই।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাহসান সাংবাদিকদের বলেন, “খবরটি সত্য। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বিষয়টি পরিষ্কার করতে হচ্ছে।”
রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি চার মাসের পরিচয়ের পর তাদের বিয়ে হয়। তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান। ১১ বছরের সংসারের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।











































