বুধবার । জুন ৩, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১২ জানুয়ারি ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

অবৈধ পথে স্পেন যেতে প্রাণ গেছে ৩ হাজারের বেশি অভিবাসীর


boat

অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের স্পেনে প্রবেশ চেষ্টা। ছবি: এএফপি

নিরাপত্তা ও আধুনিক জীবনের আশায় অবৈধভাবে স্পেনে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ২০২৫ সালে অন্তত ৩ হাজার ৯০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ নারী রয়েছেন।

স্পেনের অভিবাসী অধিকার সংস্থা কমিনান্ডো ফ্রন্টিয়ারাস এই তথ্য প্রকাশ করেছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর বেশির ভাগই আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আসার পথে ঘটে। যদিও ক্যানারি রুটে আগমন কিছুটা কমেছে, তবে গিনি থেকে নতুন বিপজ্জনক রুট আবিষ্কৃত হয়েছে।

স্পেনের অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ অভিবাসী স্পেনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের রুট ব্যবহার করেছে।

তবে আলজেরিয়া থেকে স্পেনের ইবিজা ও ফোরমেন্টেরা দ্বীপে যাওয়ার নৌরুট ব্যবহার করে অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই রুটে মৃত্যুর সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে ১ হাজার ৩৭ ছাড়িয়েছে। ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে কমপক্ষে ১০ হাজার ৪৫৭ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিল।