
ফাইল ছবি
নিলামের মাধ্যমে ১০টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আরও ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডলার কেনার সময় বাংলাদেশ ব্যাংক ১০টি ব্যাংকের সঙ্গে নিলাম পরিচালনা করে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা, যা ছিল কাটঅফ মূল্য। এ নিয়ে চলতি জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ৬৯ কোটি ৮০ লাখ ডলার কিনেছে।
এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে কয়েক দফায় ডলার কিনেছে। এ পর্যন্ত মোট কেনা হয়েছে ৩৮৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩.৮৩ বিলিয়ন ডলার। বৃদ্ধিপ্রাপ্ত এই রিজার্ভ দেশের বৈদেশিক মুদ্রার অবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।













































