শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৩ জানুয়ারি ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য টেকনাফে গুলিবিদ্ধ হুজাইফাকে আনা হবে ঢাকায়


afnan

শিশুটির পুরোনো ছবি

এখনও সংকটাপন্ন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ হোয়াইক্যংয়ের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্নায়ু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আনা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হুজাইফাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়।

পরিবার সূত্রে জানা গেছে, ডাক্তাররা তার দুইটি রক্ত পরীক্ষার টেস্ট দিয়েছে। দ্রুতই সেটা সাবমিট করতে বলেছে। কেননা ডাক্তারদের সব ফাইল সাবমিট করে এক ঘণ্টার মধ্যে ঢাকায় নিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছে।

হুজাইফার মাথায় গুলি থাকার কারণে তার মাথার অর্ধেক খুলি ফ্রিজে রাখা হয়েছে। মাথার ডান দিক থেকে গুলি লেগে বাম দিকে দিয়ে বের হয়নি। এর ফলে শরীরের বাম দিকের অংশ অবশ হয়ে গেছে। মূলত শরীরকে সচল রাখতেই অপারেশন করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।

চিকিৎসকেরা জানান, এক দফা অপারেশন করা হলেও হুজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি।

গত রোববার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় সে। আহত হন আরও ২ জন।

এদিকে, হোয়াইক্যং সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছে রোহিঙ্গা যুবক কেফায়েত উল্লা। গুলিবিদ্ধ অবস্থায় কেফায়েত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বিজিবি সদস্যরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।