বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ জানুয়ারি ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার

‘শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি’


Mahfuz

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকাকালে শেষ চার মাস তাঁকে কার্যত কোনো কাজ করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মাহফুজ আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘রাষ্ট্র পুনর্গঠন ও গণভোটের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, পুরোনো মিডিয়ার পরিবর্তে নতুন মিডিয়া প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর বাধার মুখে পড়তে হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, মিডিয়া সংস্কার করতে গেলে অলিগার্ক, পুঁজিপতি ও বড় রাজনৈতিক শক্তির মোকাবিলা করতে হয়, যা এককভাবে সম্ভব নয়।

তিনি জানান, কিছু নতুন মিডিয়া জুলাইয়ের অভ্যুত্থান ও তরুণদের পক্ষে কাজ শুরু করায় পুরোনো ব্যবস্থার সঙ্গে জড়িতদের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তবে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের সমর্থন না থাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবায়ন সম্ভব হয়নি।

নতুন বন্দোবস্ত প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, পুরোনো ব্যবস্থার সঙ্গে আপস করে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। প্রয়োজন সাহসী ও দৃঢ় পদক্ষেপ, যা বর্তমানে অনুপস্থিত। তিনি আরও বলেন, মানুষের স্বপ্নের নতুন রাজনৈতিক দলও কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ায় তিনি তাদের সঙ্গে আর যুক্ত নন।

সবশেষে তিনি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণের গুরুত্বের ওপর জোর দেন।