বুধবার । মার্চ ১১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৬ জানুয়ারি ২০২৬, ৭:০০ পূর্বাহ্ন
শেয়ার

‘নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়’


nobel-prize

নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার, ভাগ করে দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না- এ কথা স্পষ্ট করে জানিয়েছে নোবেল পিস সেন্টার। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানানোর কয়েক ঘণ্টা আগেই এই ব্যাখ্যা দেয় প্রতিষ্ঠানটি।

নোবেল পিস সেন্টারের বিবৃতিতে বলা হয়, ৬ দশমিক ৬ সেন্টিমিটার আকারের নোবেল মেডেলটি উপহার দেওয়া বা এমনকি বিক্রি করা সম্ভব হলেও, নোবেল পুরস্কার নিজে কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে তারা জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা আর প্রত্যাহার, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, মেডেলের মালিকানা বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর স্বীকৃতি কেবল বিজয়ীর কাছেই থাকে। অর্থাৎ প্রতীকীভাবে কেউ মেডেল উপহার দিলেও, পুরস্কারের মর্যাদা অন্যের কাছে যায় না।

এদিকে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, নোবেল ফাউন্ডেশনের বিধি অনুযায়ী পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত ও স্থায়ী। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং পুরস্কারপ্রাপ্তদের পরবর্তী বক্তব্য বা কর্মকাণ্ড নিয়েও সংশ্লিষ্ট কমিটিগুলো মন্তব্য করে না।

সূত্র: আল-জাজিরা