বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৬ জানুয়ারি ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
শেয়ার

রাবি ভর্তি পরীক্ষায় এআই অ্যাপ ব্যবহারের অভিযোগে আটক ১


Rajshahi University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোনে ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার সময় এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষাকালে জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে আটক রয়েছেন।

আটক পরীক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তাঁর রোল নম্বর ৩১১০০০৫২। তিনি ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করেন এবং স্থায়ীভাবে খুলনার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষার সময় ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় কেন্দ্রের পরিদর্শকরা নজর দেন। একপর্যায়ে দেখা যায়, তিনি মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে ‘ডিপসিক’ এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

এ বিষয়ে দিব্য জ্যোতি সাহা বলেন, “আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম, এটা আমার অপরাধ। ডিপসিক দিয়ে উত্তর খুঁজছিলাম, যদিও লিখতে পারিনি। আমি ভুল স্বীকার করছি এবং ভবিষ্যতে আর এমন করব না।”

সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন জানান, পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও এয়ারপডসহ আটক করা হয়। প্রাথমিক তদন্তে আইসিটি সেন্টারের বিশেষজ্ঞরা তার প্রশ্নপত্রের ছবি তোলার প্রমাণ পেয়েছেন। তবে ওই ছবি কোথাও পাঠানোর আলামত পাওয়া যায়নি। তিনি শুধু এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফট এবং বেলা ৩টায় দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘সি’ ইউনিটে মোট ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এই ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৫৩৬টি, ফলে প্রতি আসনের বিপরীতে গড়ে ৮২ জন প্রতিযোগিতা করছেন।

পরীক্ষা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮০টি প্রশ্ন থাকে এবং প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়।

এবার তিনটি ইউনিটে মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, বি ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং সি ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন পরীক্ষার্থী অংশ নেন।