
ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় জানাজায় অংশ নিতে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা।
শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সরগোধা শহরের কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ঘন কুয়াশার কারণে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। এর ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। চলতি সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় কুয়াশার কারণে আরেকটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হন।












































