
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পমন্ত্রী অ্যালেক্স সাবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) এক ঘোষণায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, শিল্প মন্ত্রণালয় বিলুপ্ত করে তা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করা হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়েই শিল্পমন্ত্রী হিসেবে অ্যালেক্স সাবের দায়িত্বের অবসান ঘটে। টেলিগ্রামে দেওয়া বার্তায় রদ্রিগেজ সাবের ‘সেবার জন্য’ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, তিনি এখন নতুন দায়িত্বে যুক্ত হবেন।
অ্যালেক্স সাব দীর্ঘদিন ধরে নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মাদুরোর সরকারের হয়ে অর্থপাচারের গুরুতর অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন শুরু হয়। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করছে।
উল্লেখ্য, অ্যালেক্স সাব ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান। এর পরের বছর, ২০২৪ সালে, মাদুরো তাকে শিল্পমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে ২০২০ সালে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে জ্বালানি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছিল।
পরবর্তীতে সাবকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। সেখানে তার ও তার ব্যবসায়িক অংশীদার আলভারো পুলিদোর বিরুদ্ধে ভেনেজুয়েলার খাদ্য সহায়তা কর্মসূচি থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়। মুক্তি পাওয়ার পর কারাকাসে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয় এবং ২০২৪ সালের অক্টোবরে তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রশাসনিক সংস্কার জোরদার করেছেন। অ্যালেক্স সাবের বরখাস্ত সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।












































